অনন্তকাল ধরে
অন্তহীন পিয়াস নিয়ে
তাকিয়ে আছি
উর্দ্ধ গগনে -
তোমার হ্নদয়ের
আকাশের নিচে
আমি প্রতিক্ষমাণ
চাতক !
শিশির বিন্দু
অথবা একফোঁটা বৃষ্টির মতো
একচিলতে ভালবাসা
আমাকে দাও ।
তোমার ভালবাসার
স্পর্শে
জোয়ার আসুক
প্রেমরসের,
সজীব হোক এ
চিত্ত-সাহারা ।
তোমার অকিঞ্চিৎ
ইশারায়
পাড়ি দেব প্রণয়ের
অন্তরীক্ষ –
মেঘের সাম্পানে
ভেসে।
আর ভেসে যাব এই
অবনীর বুকে
ধানক্ষেতের অনাবিল
স্রোতে।
তোমার ভালবাসা
পেলে
জোনাকিদের সাথে
রাতের আঁধারে করবো মিছিল ,
তোমার ভালবাসা
পেলে গোধূলি আকাশে আঁকব চিত্রলেখা
যদি ভালোবাসো,
মৌমাছিকে পদ্য শোনাব।
শ্বেত-চিলের
পাখায় ভর করে
ছড়িয়ে দেব
ফাগুনের রং
স্বপ্নের আলপনা
আঁকব নিশ্চুপ ভোরের আড়ালে,
তোমার ভালবাসা পেলে
নকশিকাঁথায় লিখব
প্রেমের উপাখ্যান
সূর্যাস্তের
শেষক্ষণে বসে ।
তুমি যদি দাও
ভালবাসা
তবে ভুলে যাব
ক্লিওপেত্রার মোহ,
বৃহস্পতির আকাশ
থেকে ছিনিয়ে আনব
ষোলটি চাঁদ,
শুধু তোমায়
ভালবেসে!
এস প্রেম,
তোমার উদাত্ত আহ্বানে
মত্ত পিপীলিকার
মত পুড়ে মরি -
অনাদি নির্ভেজাল
কামনায় আগুনে।