মনসার কালনাগিনী
আমাকে দংশন করে বার বার
মনসার কালনাগিনী
সুতানালী সাপ ।
বেহুলার বাসর ঘর ছেড়ে
ফেরেনি সে নিজ আস্তানায়,
শেষ রাতে চুপিসারে ঢুকেছে-
আমার ঘরে ।
আমি নাকি তার দ্বিতীয়
লক্ষীন্দর ।
সেই থেকে আজও রসিয়ে রসিয়ে
কাটে
শিরা উপশিরা অবিরাম ।
রক্তে আমার বিষ, আর সেই রক্ত মনে –
শান্তি খুঁজি বোতলের
হলাহলে।
মনসার কালনাগিনী
মগজের পরতে পরতে পান করে
শক্তি-সুধা-অস্থি-মজ্জা
ইচ্ছে মতো।
বানভাসি কান্নায় ভাসে
হতাশার ভেলা
গাঙচিলের মত তার গায়ে নাকি
একাকিত্বের তকমা ।
এখন ছোবলই আমার প্রাপ্য,
পাপস্খলনের পথ –
বেহালার করুণ সুরে তাই আজ
বেহুলার আর্তি শোনা যায়।
No comments:
Post a Comment