Wednesday, August 6, 2014

অন্যমন


ঝিন্টি তুই বৃষ্টি নাই বা হলি
মেঘলা বিকেলে তবুও তোকেই চাই,
তোর সাথে ওই চায়ের কাপের ধোঁয়ায়
নিথর মনে উষ্ণতা ফিরে পাই |

ঝিন্টি তুই নাই বা হলি রোদ্দুর
সকালটা তবু তোর হাসিতেই আলো -
জলখাবারে তোর ওই ঠোঁটের ছোঁয়ায়
নিস্তেজ প্রাণ উন্মাদ টলমল |

ঝিন্টি তোর অঙ্ক নাই বা মিললো
রাজি আছি হতে বোকা ব্যবসাদার !
জীবন খাতায় তোর ওই হাতের লেখায়
লাভ লোকসান ঘেঁটে যায় আকছার |

ঝিন্টি আমি খেলায় বড় কাঁচা
সিগনাল দিস একটু স্পষ্ট করে,
অজুহাত খুঁজি একলা কাছে পাওয়ায়
শপিং করবি গড়িয়াহাটার মোড়ে?

ঝিন্টি তুই চাসনা প্রতিশ্রুতি,
পারবনা দিতে জীবন-জ্বালায় মুক্তি -
তবে, সুখ-দু:খের নকসী কাঁথা বোনায়
লিখে দিতে পারি বন্ধুত্বের চুক্তি।

ঝিন্টি তোকে রঞ্জনা হতে দেবনা
আসতে চাই তোর কাছে ফিরে ফিরে -
অবুঝ আবেগ নিছক কোন আশায়
স্বপ্ন দেখায় অলীক প্রেম ঘিরে।

No comments:

Post a Comment