Sunday, January 2, 2011

একটি অর্থহীন কবিতা


আমি তোমাকে আগেই বলেছি, আমার কবিতার অনাঙ্গ অনুভূমে,
আমার একান্ত অনুগত নিভাজ শব্দরা, তোমার গরাদে তুলে রাখা
অন্তর্বাসের মতই, অতিশয় অর্থহীন,
এরা বিশেষ কোন অর্থ বহন করেনা কখনোই-
এই যে তোমার উষ্ণ ছন্দময় দেহবল্লরী দোলনচাঁপার ঘ্রাণে
দুলে ওঠে উন্মাতাল, কথ্থক নৃত্যকলায়,
এই যে তোমার দুষ্টু ইশারায় কাছে ডাকা আর তারপর
বাইবেলের কালো হরফের মত নিষ্পাপ শিশিরের স্বচ্ছ্ব ঠোঁটে,
লিখে রাখে শেষ রাতে, বীজতলায় যুথ-বদ্ধ সঙ্গমের সফল ইতিহাস-
কবিতার শরীরে আমার শব্দরা এতটা শৈল্পিক কিন্তু কখনও নয়

তবু তুমি স্বর্ণকণা ভেবে উদ্গ্রীব বেনিয়ার মত
আমার কবিতায় প্রতিটি শব্দকে উল্টেপাল্টে দেখো,
নাক-মুখ-চোখ দেখো, ঠোঁট দেখো, বুক দেখো,
নাকের নাকছাবি, বুকের বোতাম, নাভিমূল, জঙ্ঘা, সব দেখো, সব.
কিন্তু দোহাই তোমার, শুধু আমাকে কোন শব্দের অর্থ জিজ্ঞেস কোরোনা,
আমি তোমাকে আগেই বলেছি-
কবিতার অনাঙ্গ অনুভূমে, আমার শব্দরা, কোন অর্থ বহন করে না।

এই যে তোমার নিরাভরণা বুকের ভাঁজে লুকানো চন্দ্রিমায়, চোখ রেখে
ঝলসে যায় চাঁদের পাহাড়, রাস-পূর্ণিমার রাতে,
এই যে তোমার কাজল-কালো চোখের ফাঁদে,
অনিমেষ পথ ভুলে নক্ষত্রের ঝাঁক-তুমি তখন আলতো স্বরে বলো,
এ নিছক পাগলামি, এর কি কোন মানে হয়?
এই যে আমি প্রতি রাতে, অন্ধকার শোবার ঘরে, সব আলো নিভিয়ে দিয়ে,
দেয়ালে টাঙিয়ে রাখা তোমার ছবির পায়ে, নিঃশব্দ আর্তনাদে লুটিয়ে পড়ি,
এর কি কোন মানে হয়?
কবিতার শরীরে আমার শব্দরাও এমনি, নিরুপম অর্থহীন।

এক টুকরো খাটি ভালবাসার আশ্বাস পেলে
হৃদয়টাকে দীর্ঘ্য মেয়াদী বন্ধক দেবো,
নীল খামে মোড়া একটা প্রেমের পত্র পেলেই
সদ্য ধরানো সিগারেটটাকে ছুড়ে ফেলে দেবো।
আর চাঁদ-তারার সহবাসের ফাঁক-তালে
আমরা পাড়ি দেব স্বপ্নলোকে...
তুমি হাসো, পাগল! এর কি কোন মানে হয়?
না , এর কোন মানে নেই,
কবিতার শরীরে, প্রতিটি শব্দের, কোন মানে থাকতে নেই
আমার সৃষ্টি নিতান্তই সৃষ্টিছাড়া... !!

1 comment:

  1. khub poricchonno shundor lekha, bishesh kore shesh stobok ta opurbo! :)

    ReplyDelete