Sunday, January 2, 2011

একটি ছন্নছাড়া ভালোলাগার কবিতা

এ বড় আজব খেলা
কাকে যে কখন ভালো লেগে যায় !
জানিই তো সে আমার নয়
তবু পোড়া মন কেন যে তাকেই চায়!!

কাকে যে কখন ঘোরলাগা চোখ
আচম্বিতে ফিরে ফিরে চায়,
জানিই এতো হঠাৎ দেখা
তবু কেন যে তাকে দুচোখে হারায় !!

কখন যে কার রাঙা অধর
শান্ত বুকে তুর্কি নাচায় ,
জানিই এতো দমকা হাওয়া
তবু কেন যে প্রেম নিরুদ্দেশে ধায় !!


হলেও হবে একতরফা
পাঠালাম তোমায় একবুক তৃষ্ণার মেঘ
কামনার বারিতে নির্বিচার ভিজে চলা স্পর্ধিত ইচ্ছে
আর স্পন্দিত হৃদয়ের দহন-জ্বালা মিশে থাক তাতে ।।
তোমার চকিত চাহনি, প্রশ্রয়ের ঈষৎ খেলোয়াড়ি হাসিতে
আমার ন্যায়-অন্যায় অবধূত ঔদাসীন্যে ঝুলে থাকে।
কিসে যে কখন বিলীন হতে প্রাণ কাঁদে !
সমর্পিত পরাজয়েও মেলে দুর্বোধ্য আনন্দ !
কেউ বুঝবে না কখনো - যে পরেনি
এ মধুর-যাতনার কন্টক-মাল্য !!

1 comment: