এ বড় আজব খেলা –
কাকে যে কখন ভালো লেগে যায় !
জানিই তো সে আমার নয় –
তবু পোড়া মন কেন যে তাকেই চায়!!
কাকে যে কখন ঘোরলাগা চোখ
আচম্বিতে ফিরে ফিরে চায়,
জানিই এতো হঠাৎ দেখা –
তবু কেন যে তাকে দুচোখে হারায় !!
কখন যে কার রাঙা অধর
শান্ত বুকে তুর্কি নাচায় ,
জানিই এতো দমকা হাওয়া –
তবু কেন যে প্রেম নিরুদ্দেশে ধায় !!
হলেও হবে একতরফা
পাঠালাম তোমায় একবুক তৃষ্ণার মেঘ ।
কামনার বারিতে নির্বিচার ভিজে চলা স্পর্ধিত ইচ্ছে
আর স্পন্দিত হৃদয়ের দহন-জ্বালা মিশে থাক তাতে ।।
তোমার চকিত চাহনি, প্রশ্রয়ের ঈষৎ খেলোয়াড়ি হাসিতে
আমার ন্যায়-অন্যায় অবধূত ঔদাসীন্যে ঝুলে থাকে।
কিসে যে কখন বিলীন হতে প্রাণ কাঁদে !
সমর্পিত পরাজয়েও মেলে দুর্বোধ্য আনন্দ !
কেউ বুঝবে না কখনো - যে পরেনি
এ মধুর-যাতনার কন্টক-মাল্য !!
nice,khb bhlo hyeche,keep goin'....... :)
ReplyDelete